
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল চলাচল। দুর্ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ৮টায় কুমিল্লা রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম মেইল ট্রেন ছেড়ে যায়। রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার প্রাথমিক অনুসন্ধানে গেটম্যানের সঙ্গে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত দুই গেটম্যান—মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। সেখানে নতুন করে গেটম্যান নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে—একটি বিভাগীয় এবং অপরটি আঞ্চলিক। একই সঙ্গে এ ঘটনায় আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে টু ডাউন (চট্টগ্রাম মেইল) ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাস্থল কুমিল্লা সদর দক্ষিণ অতিক্রম করে।
এদিকে উদ্ধার কার্যক্রম জোরদার করতে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হবে।
এর আগে শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জন নিহত হন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল—পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই দুই কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন এবং তাদেরকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. রেজা হাসান এ তথ্য জানিয়েছেন। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।









