
কুমিল্লায় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ও সুরসাধক উস্তাদ আয়েত আলী খাঁ–এর কবর বিকৃতির অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জানা যায়, ১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর টমছমব্রীজ কবরস্থান–এ এই বরেণ্য সঙ্গীতগুরুকে দাফন করা হয়।
কিন্তু সম্প্রতি অভিযোগ ওঠে, কবরটি দ্বিখণ্ডিত করে কুমিল্লা সিটি কর্পোরেশন অন্য একজনের নাম ব্যবহার করে কবরটি পাকা করে সেখানে দুটি নামফলক স্থাপন করেছে।
স্থানীয় সাংস্কৃতিক সচেতন মহল ও সংশ্লিষ্টরা দাবি করেছেন, উক্ত স্থানে কেবলমাত্র উস্তাদ আয়েত আলী খাঁর কবর রয়েছে। তাদের মতে, এভাবে কবর দ্বিখণ্ডিত করা এবং অন্য নামফলক সংযুক্ত করা ইতিহাস বিকৃতি ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের শামিল।
এ ঘটনার প্রতিবাদে এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবিতে বৃহস্পতিবার (০৫ মার্চ) কুমিল্লা সিটি কর্পোরেশন–এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কুমিল্লা জেলা প্রশাসন–এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও এর অনুলিপি পাঠানো হয়েছে।
স্মারকলিপিতে দ্রুত তদন্ত করে কবরের প্রকৃত অবস্থা পুনর্বহাল, ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বরেণ্য এই সঙ্গীত সাধকের কবর যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবি জানানো হয়েছে।









