শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসনের ১১৬ ভোট কেন্দ্রেই অপ্রতিরোধ্য ছিলেন হাসনাত আব্দুল্লাহ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Hasnat Abdullah
হাসনাত আব্দুল্লাহ/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ১১৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে থেকে বিরল এক রেকর্ড গড়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া যায়, এ আসনের সব কটি কেন্দ্রের ভোট গণনা শেষে কোথাও হারেননি হাসনাত আব্দুল্লাহ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন (ট্রাক প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।

নির্বাচনের শুরু থেকেই দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়কের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন ছিল দৃশ্যমান ও শক্তিশালী।

ফলাফল ঘোষণার পর দেবিদ্বারজুড়ে নেমে আসেন তার হাজার হাজার সমর্থক। ‘শাপলা কলি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তবে বিজয়ের পরপরই হাসনাত আব্দুল্লাহ তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি কোনো ধরনের বিজয় মিছিল বা উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে কুমিল্লা-৪ আসনটি জাতীয়ভাবে অন্যতম আলোচিত আসনে পরিণত হয়। বিশেষ করে বিএনপির হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর এ আসনে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়, যা নির্বাচনী লড়াইকে ভিন্ন মাত্রা দেয়।

আরও পড়ুন