
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি সোমবার (১৯ জানুয়ারি) এ রিট দায়ের করেন।
এর আগে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
আপিলের শুনানি শেষে ঋণ খেলাপির তথ্য গোপন করার অভিযোগে গত শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
অন্যদিকে, এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সী যে আবেদন করেছিলেন, তা একই দিন নির্বাচন কমিশন নামঞ্জুর করে। ফলে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধই থাকছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।










