মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে লড়ার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক

হাসনাত আবদুল্লাহ/ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী আগ্রহ প্রকাশ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আবদুল্লাহ দেবীদ্বারের প্রতি তাঁর গভীর আবেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমার জন্ম ও বেড়ে ওঠা দেবীদ্বারে। এখানকার মাটি ও পানি আমাকে টানে। আমার রাজনৈতিক উপলব্ধি ও বোধের শুরু এখানেই।”

এই তরুণ নেতা স্পষ্ট করেন যে, তিনি দেবীদ্বারের প্রতিনিধিত্ব করতে চান পুরো বাংলাদেশের সামনে। তিনি বলেন, “তাই আমি সংসদে দেবীদ্বারের প্রতিনিধিত্ব করতে চাই পুরো বাংলাদেশের সামনে, দেবীদ্বার কুমিল্লা-৪ আসনটি থেকে আমি নির্বাচন অংশগ্রহণ করতে চাই। সেজন্য আমি এখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। যদি আমার পার্টির মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়, তাহলে আমি দেবীদ্বারের প্রতিনিধিত্ব করব।”

দেবীদ্বারকে দীর্ঘকাল ধরে অবহেলিত জনপদ হিসেবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমার জন্মের পর থেকেই দেখেছি, দেবীদ্বার একটি অবহেলিত ও নিপীড়িত জনপদ এবং আঞ্চলিক বৈষম্যের শিকার। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং সংস্কৃতি—সবদিক থেকেই এই জনপদ পিছিয়ে আছে।”

তিনি আরও বলেন যে, এই জনপদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক বিদ্যমান। তাঁর পূর্বপুরুষের কবর দেবীদ্বারে রয়েছে। তিনি উপলব্ধি করছেন, সংসদে গিয়ে এখানকার মানুষের পক্ষ থেকে কথা বলা তাঁর দায়িত্ব।

নির্বাচনী খরচ মেটানোর ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উপর জোর দিয়েছেন। তিনি জানান, “এই মনোনয়ন ফরমের অর্থ থেকে শুরু করে আমার নির্বাচনী খরচ সাধারণ মানুষই দিচ্ছে। আমার স্কুলের বড় ভাই, এলাকার মায়েরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৫০০, ১০০০ বা ২০০ টাকা দিয়ে এই অর্থের জোগান দিচ্ছেন।”

নিজের জয় সম্পর্কে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এই এনসিপি নেতা বলেন, “অনেকে বলে আমরা হয়তো জামানত হারাব। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়েই দেবীদ্বার আসনটি জাতীয় নাগরিক পার্টির জন্য নিশ্চিত হয়ে গেছে।”

উল্লেখ্য, এই আসনে ইতোমধ্যে প্রধান প্রতিদ্বন্দী হিসেবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। মঞ্জুরুল আহসান মুন্সী এই আসন থেকে এখন পর্যন্ত তিনবার নির্বাচন করে প্রতিবারই জয়ী হয়েছেন।

আরও পড়ুন