বুধবার ৪ মার্চ, ২০২৬

কুমিল্লা-১ আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর ছেলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশারফ হোসেন এবং তার পুত্র ড. খন্দকার মারুফ হোসেনের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ মনোনয়নপত্র দুটিকে বৈধ হিসেবে অনুমোদন দিয়েছে। ফলে কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ড. খন্দকার মোশারফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেনের নির্বাচনী মাঠে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।

এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা উভয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘জীবনের শেষ নির্বাচনকে আমি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা ধানের শীষে বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আগামী দিনগুলোতে আপনাদের পাশে থেকে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাব।’

আরও পড়ুন