রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা সিটিতে আরো ৬টি স্যাটেলাইট টিম চালু

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - 6 more satellite teams launched in Comilla City
কুমিল্লা সিটিতে আরো ৬টি স্যাটেলাইট টিম চালু

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে নতুন করে ৬টি স্যাটেলাইট টিম চালু করা হয়েছে। এর ফলে নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর আওতায় নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও গতিশীল হলো।

মঙ্গলবার নগরীর নবাববাড়ী এলাকায় অবস্থিত নগর মাতৃসদন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্যাটেলাইট টিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন স্যাটেলাইট টিমগুলোর উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম। এ সময় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুমন কুমার সাহা স্বাগত বক্তব্য প্রদান করেন।

নতুন যুক্ত হওয়া ৬টি টিম এবং আগে থেকে চালু থাকা ১২টি টিম মিলিয়ে বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মোট স্যাটেলাইট টিমের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এসব টিম নগরীর ২৭টি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর মাতৃসদনের ক্লিনিক ব্যবস্থাপক ডা. ফারজানা আক্তার, নগর স্বাস্থ্য কেন্দ্র-৩-এর ফিজিশিয়ান ডা. তানজিনা আক্তার, কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রশিরউল্লাহ মজুমদার, ইপিআই বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ খাইরুল বাশার।

বক্তারা জানান, বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় একটি নগর মাতৃসদন, ছয়টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং ১৮টি স্যাটেলাইট টিমের মাধ্যমে নগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

তারা আরও বলেন, এসব স্যাটেলাইট টিমের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম, সাধারণ রোগের চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন