
পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নগরীর ২১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. শাহ আলম বলেন, কুমিল্লা নগরীতে দিন দিন লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এ শহরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ মানুষ বসবাস করছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে। তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতাধীন ২৭টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। কান্দিরপাড় থেকে জাঙ্গালিয়া পর্যন্ত খালটি গভীরভাবে পুনঃখনন এবং স্থায়ী বক্স ড্রেন নির্মাণের জন্য ইতোমধ্যে টেন্ডার দেওয়া হয়েছে।
সাংবাদিকদের যানজট সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রশাসক জানান, যানজট নিরসনে আগামী সাত দিনের মধ্যেই দৃশ্যমান কার্যক্রম শুরু হবে। পূর্বে কিছু অব্যবস্থাপনার কারণে সমস্যা ছিল বলে তিনি উল্লেখ করেন।
নগরীর সড়কে অবৈধ তোরণ ও বিলবোর্ড প্রসঙ্গে তিনি বলেন, যারা বিলবোর্ড ভাড়া দেয় কিংবা তোরণ নির্মাণের সঙ্গে যুক্ত ডেকোরেটরদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে রাজস্ব আদায় বাড়িয়ে নগর ভবনের আয় বৃদ্ধি করা হচ্ছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সিটি কর্পোরেশনের কর নির্ধারণ কর্মকর্তা ও ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী ও ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাকসুদুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের সচিব মো. কাউছারসহ নগর ভবন এবং বিভিন্ন ওয়ার্ডের সচিব, কর্মকর্তা ও কর্মচারীরা।










