সোমবার ১০ আগস্ট, ২০২৬

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হারে শীর্ষে ফেনী জেলা, সর্বনিম্ন নোয়াখালী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

ফেনী গার্লস ক্যাডেট কলেজ/ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষস্থান দখল করেছে ফেনী জেলা। এ জেলায় পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফেনী জেলার ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১০ হাজার ৮২১ জন পাস করেছে এবং ৪ হাজার ৭৯ জন অকৃতকার্য হয়েছে। জেলায় মোট ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এ জেলায় পাসের হার ৭১ দশমিক ৫০ শতাংশ। এরপর কুমিল্লা জেলায় ৬৪ দশমিক ৭৮ শতাংশ, লক্ষ্মীপুরে ৬৩ দশমিক ৯১ শতাংশ এবং চাঁদপুরে ৬৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে, কুমিল্লা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে সর্বনিম্ন অবস্থানে রয়েছে নোয়াখালী। এ জেলায় পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ।

ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৫ জনের জিপিএ-৫

ফেনী জেলা পর্যায়ে ভালো ফলাফলের পাশাপাশি এবারও নজর কেড়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ অর্জন করেছে। শতভাগ পাসের এ প্রতিষ্ঠানটি কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা ফলাফলের তালিকাতেও স্থান করে নিয়েছে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, কুমিল্লা বোর্ডে ফেনীর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করেছে। বিষয়টি ফেনীবাসীর জন্য সুখবর এবং আনন্দের। এসব শিক্ষার্থী ভবিষ্যতেও ব্যক্তিগত জীবনে ফেনীবাসীর জন্য ভালো ফলাফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ জীবন কামনা করেন।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে কুমিল্লা বোর্ড রয়েছে মাঝামাঝি অবস্থানে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

সারাদেশে পাস ৬২.২৫ শতাংশ

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে। এসব বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। এ বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

আরও পড়ুন