
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ৯ ও ১০ জানুয়ারি ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস-২০২৬’ অনুষ্ঠিত হবে। তবে গবেষকদের অনুরোধ অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা ১০ দিন বৃদ্ধি করে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে আয়োজক কমিটি।
সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, ফুল পেপার জমা দিতে হবে ২০ ডিসেম্বরের মধ্যে এবং নিবন্ধনের সর্বশেষ সময় ১৫ ডিসেম্বর।
জানা গেছে‚ অ্যাবস্ট্রাক্ট ‘[email protected]’ ঠিকানায় পাঠাতে হবে এবং নিবন্ধনের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন লিংক ব্যবহার করতে হবে। এছাড়া সম্মেলনের পোস্টার ও ফ্লায়ারসহ বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এদিকে স্থানীয় প্রতিনিধির ২২০০ টাকা (আর্লি বার্ড ২০০০), অতিথি ও শিক্ষার্থী ১২০০ টাকা (আর্লি বার্ড ১০০০), বিদেশি প্রতিনিধির ১০০ মার্কিন ডলার (আর্লি বার্ড ৭৫ ডলার) এবং বিদেশি শিক্ষার্থী ৫০ ডলার (আর্লি বার্ড ২৫ ডলার) নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়‚ আন্তর্জাতিক মান বজায় রাখতে সম্মেলন কমিটিতে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক ও বিজ্ঞানীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত ও সৌদি আরবের বিজ্ঞানীরাও।
প্রসঙ্গত‚ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী, পৃষ্ঠপোষক উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। কনভেনার বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ এবং কনফারেন্স সেক্রেটারি
গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।










