
আজ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর, শব-ই-কদর, জুমাতুল বিদা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানা ২৩ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ের জন্য বন্ধ থাকবে।
অ্যাকাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা গেছে, আগামী ৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত মোট ২৩ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ মোট ১৪ দিন বন্ধ থাকবে। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিনের ছুটি থাকবে।
এদিকে, ৮ মার্চের আগের দুই দিন এবং ২৬ মার্চের পরের দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ২৩ দিনের ছুটি পাচ্ছেন।
বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরপরই আবাসিক হলগুলোও বন্ধ করে দেওয়া হবে। তবে কোনো শিক্ষার্থীর বিশেষ প্রয়োজনে হলে অবস্থান করতে হলে রেজিস্ট্রারের খাতায় স্বাক্ষর করে থাকতে পারবে এবং হলের গার্ডকে পরিচয় দিয়ে হলে প্রবেশ করতে হবে।
তিনি আরও , হলের পেছনের গেইটটি সাধারণত বন্ধ থাকবে। তবে প্রয়োজন হলে বা শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে হল গার্ড সেটি খুলে দেবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাবন্ধ থাকবে বলে পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানায়। পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে অন্যান্য বছরের মতো প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাস সার্ভিস চালু রাখা হতে পারে।









