
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা নামেই নতুন বিভাগ গঠন করতে হবে। তিনি বলেন, “যেহেতু আমরা এ ঘোষণা দিয়েছি, তাই এটি আমাদের পবিত্র দায়িত্ব। অন্য কেউ সরকার গঠন করলেও আমরা এটি বাস্তবায়নে বাধ্য করব। দেশে বিভাগ সংখ্যা বাড়লে কোনো সমস্যা নেই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সময়ের দাবি।”
সমাবেশে ডা. শফিকুর রহমান কুমিল্লা বিমানবন্দর সচল করার এবং স্থানীয় ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। তবে জুলাই বিপ্লবের যোদ্ধারা তা বাস্তবায়ন হতে দেবে না। তিনি জনগণের উদ্দেশে বলেন, “আপনারা এক সময় মজলুম ছিলেন, এখন জালেম হওয়ার চেষ্টা করবেন না। মানুষের অধিকার হরণের চেষ্টা করবেন না। ‘রাজার ছেলে রাজা হবে’—এই প্রথাই বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে।”
দলের ত্যাগের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তিনি দাবি করেন, দলের শীর্ষ ১১ জন নেতাকে হত্যা করা হয়েছে, অফিস সিলগালা করা হয়েছে এবং নিবন্ধন বাতিল করে দলকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অন্য কোনো দল এমন পরিস্থিতির শিকার হয়নি এবং সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, এত নির্যাতনের পরও তারা আইন নিজেদের হাতে তুলে নেবেন না। কোনো নাগরিক যেন মামলায় হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করা হবে। যারা জুলুম করেছে, আখেরাতের ময়দানে তাদের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারের পাশে জামায়াত দাঁড়িয়েছে। “ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সূর্যের উদয় হবে,” যোগ করেন তিনি।
প্রশাসন ও গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, তারা যেন কোনো দলের আনুকূল্য না করে জনগণের পক্ষে অবস্থান নেয়। তিনি বলেন, মিডিয়া জাতির দর্পণ, তাই অন্যায়কে সমর্থন না করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত এবং কল্যাণের পথে থাকা উচিত।
সমাবেশে তিনি ঘোষণা দেন, জামায়াত সরকার গঠন করলে মেয়েরা সরকারি খরচে মাস্টার্স পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবে।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










