
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন মন্ত্রিসভায় তারেক রহমান-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে কুমিল্লা জেলা থেকে স্থান পেয়েছেন তিনজন। জেলায় একসঙ্গে তিন পূর্ণমন্ত্রী পাওয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া তিন নেতা হলেন—
কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমন। তিনি পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব।
টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি পেয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
আজ বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। তবে শেষ মুহূর্তে দলীয় নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
গত ১৫ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিজে নির্বাচন না করলেও দক্ষিণ জেলার সংসদীয় আসনগুলোর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে প্রার্থীদের বিজয়ী করতে নিরলসভাবে কাজ করেন। বিশেষ করে কুমিল্লা-৯ আসনে অভ্যন্তরীণ কোন্দল নিরসনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
এদিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবর পাওয়ার পর মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়ে আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ ও দলের শীর্ষ পর্যায় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি দেশের সেবা করার জন্য সবার কাছে দোয়া চাই।”
প্রসঙ্গত, জাকারিয়া তাহের সুমন এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।অন্যদিকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ষষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হলেও এবারই প্রথম পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন।
অন্যদিকে কুমিল্লা জেলা থেকে একসঙ্গে তিনজন পূর্ণমন্ত্রী পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে।







