
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় ছাত্রদল নেতা রায়হান নামে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় তিনি আহত হন। গুরুতর অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার মাথায় আঘাত রয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
রায়হান কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, বিকেলে তিনি একা অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পেছনের কারণ হিসেবে মাদকবিরোধী অবস্থানের কথা উল্লেখ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। তারা জানান, কিছুদিন আগে কুমিল্লা পলিটেকনিক ছাত্রাবাসে রায়হানের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল।
ওই অভিযানের প্রেক্ষিতে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন ছাত্রকে ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়। তারা মনে করছেন, ওই ঘটনার জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।









