
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)-এ জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদনে ৫০ লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করতে যাচ্ছে সামোয়া ও চীন (তাইওয়ান) মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড’। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা)-এর সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২০ মে) ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তি।
চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি কুমিল্লা ইপিজেডে ইনসোল, আউটসোল, মিডসোল এবং পিইউ জুতা উৎপাদনের জন্য আধুনিক কারখানা স্থাপন করবে। এ খাতে মোট ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করা হবে।
বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জিয়া রুইহং চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
বেপজা সূত্রে জানা গেছে, কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বছরে ৩০ লাখ জোড়া ইনসোল, ১২ লাখ জোড়া আউটসোল, ৩২ লাখ জোড়া মিডসোল এবং ১০ লাখ জোড়া পিইউ জুতা উৎপাদন করা হবে। এর মাধ্যমে প্রায় ৫০০ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস এবং নির্বাহী পরিচালক (জনসংযোগের অতিরিক্ত দায়িত্ব) খাদিজা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের ইপিজেডগুলোতে বিনিয়োগ বৃদ্ধি ও রপ্তানি খাত বহুমুখীকরণে বেপজা নিরলসভাবে কাজ করছে। তিনি এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেডকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির নির্বিঘ্ন ব্যবসা পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।








