
ওটিটিতে তুমুল জনপ্রিয়তার পর এবার বড় পর্দাতেও সাড়া ফেলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মাসহ জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করছে। এরই মধ্যে সিনেমাটির তারকাদের পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। কালীন ভাইয়া চরিত্রে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ১৫ কোটি রুপি। সিনেমায় তাঁর উপস্থিতি নিয়েই দর্শকদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
গুড্ডু পণ্ডিত চরিত্রে অভিনয় করা আলি ফজল পেয়েছেন ৪ কোটি রুপি। অন্যদিকে মুন্না ত্রিপাঠী চরিত্রে অভিনয় করা দিব্যেন্দু শর্মার পারিশ্রমিক ৩ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বাবলু পণ্ডিত চরিত্রে অভিনয় করা জিতেন্দ্র কুমার পেয়েছেন প্রায় দেড় কোটি রুপি। গোলু গুপ্তা চরিত্রে অভিনয় করা শ্বেতা ত্রিপাঠীর পারিশ্রমিক প্রায় ৯৫ লাখ রুপি বলে জানা গেছে।
তবে তারকাদের এই পারিশ্রমিকের অঙ্কগুলো নির্মাতা বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতেই এসব তথ্য সামনে এসেছে।
এদিকে পারিশ্রমিকের পাশাপাশি বক্স অফিসেও আলোচনায় রয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ২১২ কোটি রুপি আয় করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো সাড়া পাচ্ছে। বিশেষ করে ‘মির্জাপুর’ সিরিজের পুরোনো চরিত্রগুলো বড় পর্দায় ফিরে আসায় ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই আগ্রহের প্রভাব পড়েছে সিনেমার ব্যবসাতেও।
পঙ্কজ ত্রিপাঠীর কালীন ভাইয়া, আলি ফজলের গুড্ডু পণ্ডিত ও দিব্যেন্দু শর্মার মুন্না ত্রিপাঠী—এই জনপ্রিয় চরিত্রগুলোর জন্যই দীর্ঘদিন ধরে দর্শকদের অপেক্ষা ছিল। সিনেমাটি সেই প্রত্যাশা কতটা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।










