শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কাল কুমিল্লায় আসছেন জামায়াত আমীর, বক্তব্য রাখবেন ৪টি জনসভায়

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করতে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি দুই দিনের সফরে কুমিল্লা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলার বিভিন্ন স্থানে চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জামায়াত আমিরের কুমিল্লা সফর শুরু হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। তবে ওইদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সম্ভাব্য জনদুর্ভোগ এড়াতে সফরের সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। ফলে ডা. শফিকুর রহমান ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা শহরে পৌঁছাবেন।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় তিনি কুমিল্লার লাকসাম উপজেলায় একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে একটি বিশাল জনসভা। এতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রাম উপজেলায় পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভা। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন জানান, উক্ত জনসভায় সভাপতিত্ব করবেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিগবা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।

এদিন বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আরও একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত ও জোট নেতৃবৃন্দ জানান, এসব জনসভা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাদের প্রত্যাশা, প্রতিটি জনসভায় জামায়াত-জোটের নেতাকর্মী ছাড়াও লাখো ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে।

আরও পড়ুন