বুধবার ৮ জুলাই, ২০২৬

এমবাপ্পে-হালান্ড-মেসি, গোল্ডেন বুট জয়ের দৌড়ে কে শীর্ষে?

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Mbappé, Haaland, Messi—who is leading the race for the Golden Boot
এমবাপ্পে-হালান্ড-মেসি, গোল্ডেন বুট জয়ের দৌড়ে কে শীর্ষে?/ছবি: সংগৃহীত

বিশ্বকাপ যত শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে, ততই জমে উঠছে গোল্ডেন বুট জয়ের লড়াই। প্রতিটি ম্যাচের সঙ্গে পাল্টে যাচ্ছে গোলদাতাদের অবস্থান। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে আবারও এককভাবে গোল্ডেন বুটের তালিকার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

মিশরের বিপক্ষে নাটকীয় ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় আর্জেন্টিনার হয়ে সমতাসূচক গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি। পাশাপাশি বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করার বিরল রেকর্ডও নিজের করে নেন আর্জেন্টাইন এই মহাতারকা।

বর্তমানে ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে রয়েছেন মেসি। এক আসরের বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র পাঁচটি গোল।

অন্যদিকে, প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের ১-০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭। একই সঙ্গে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলের সংখ্যা পৌঁছেছে ১৯-এ।

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। ম্যাচের শেষদিকে দুটি দুর্দান্ত গোল করে তিনিও ৭ গোল নিয়ে এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ফলে গোল্ডেন বুটের দৌড় এখন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে গোল করেছেন হ্যারি কেইন। চলতি আসরে তার গোলসংখ্যা এখন ৬। এর মাধ্যমে বিশ্বকাপে পেনাল্টি শুটআউট বাদে সবচেয়ে বেশি সফল পেনাল্টি (৬টি) নেওয়ার নতুন রেকর্ডও গড়েছেন ইংলিশ এই স্ট্রাইকার।

বিশ্বকাপের নকআউট পর্বে এখনও একাধিক ম্যাচ বাকি। তাই গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির শীর্ষস্থান ধরে রাখা, নাকি এমবাপ্পে, হালান্ড কিংবা কেইনের প্রত্যাবর্তন—সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।

আরও পড়ুন