
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসন ছাড় দেওয়ার যে খবর সম্প্রতি ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ ‘কাল্পনিক ও ভিত্তিহীন’। আজ বুধবার (০৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. তাহের আরও বলেন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা প্রক্রিয়া শিগগিরই চূড়ান্ত হবে। এ বিষয়ে কোনো গোপন বা অস্পষ্ট সিদ্ধান্ত নেই বলেও তিনি উল্লেখ করেন।
এদিন সকালে জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হন ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সংস্থা ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (EEAS) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। তার সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিকও ছিলেন।
বৈঠক শেষে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে আসেন আলোচনায় অংশ নেওয়া জামায়াতের শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সাম্প্রতিক সময়ে সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ জনমনে সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর শঙ্কা তৈরি করেছে। এই শঙ্কা দূর না হলে জনগণ ফুঁসে উঠতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে ঠেলে দেবে।
জামায়াত নায়েবে আমির জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সরকার গঠন করা হবে, যাতে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।










