
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সর্বনিম্ন একজন থেকে সর্বোচ্চ সাতজন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
শূন্য পাসের তালিকায় রয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁদপুর পৌর শহীদ জাভেদ হাই স্কুল অ্যান্ড কলেজ ও সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কেমব্রিজ সিটি কলেজ।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বগোইর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডা. এম. শামসুল হক মডেল কলেজ এবং ফেনী সদর উপজেলার বেগম শামসুন নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
শূন্য পাসের তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো লক্ষ্মীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ ও প্রফেসর সেকান্দার আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল,
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট হাই স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগন স্কুল অ্যান্ড কলেজ এবং ফেনী সদর উপজেলার বেকন মডেল কলেজ।
এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। তাদের সতর্ক করার পাশাপাশি ফলাফলের এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করা হচ্ছে, পরবর্তী পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।









