মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

ঈদকে সামনে রেখে কুমিল্লার পদুয়ার বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Hundreds of illegal structures demolished in Comilla's Padua market ahead of Eid
ঈদকে সামনে রেখে কুমিল্লার পদুয়ার বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট ও জনভোগান্তি কমাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুমিল্লা সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের দুই পাশে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক দোকান, ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান এবং বাস কাউন্টার উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা মহাসড়ক ও ফুটপাত দখল করে থাকায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হতো এবং পথচারীদের চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটত।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় জানান, পদুয়ার বাজার এলাকা দীর্ঘদিন ধরে যানজটপ্রবণ হিসেবে পরিচিত। বিশেষ করে ঈদের সময় ঘরমুখো মানুষের চাপ বাড়লে যানজট আরও তীব্র আকার ধারণ করে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে মহাসড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যাতে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত কিছুটা স্বস্তিদায়ক হয়।

অভিযানে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন