
চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা।
শনিবার (৪ অক্টোবর) দেশের সবচেয়ে ব্যস্ত এই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে হাজারও যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনকারীরা জানান, অন্যায়ভাবে চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন এবং পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন বলে অভিযোগ করেন অবরোধকারীরা।
সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। প্রথমে সকাল ১১টার দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে পৌনে ১২টার দিকে তাঁরা সড়কে বসে অবরোধ শুরু করেন। শত শত কর্মকর্তা এই আন্দোলনে অংশ নেন।
এর আগে শুক্রবার (০৩ অক্টোবর) একটি সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা ঘোষণা দিয়েছিলেন যে তাঁরা রোববার থেকে টানা কর্মবিরতি পালন করবেন। তবে শনিবার সকাল থেকেই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে তাঁরা তাঁদের আন্দোলন শুরু করে দিলেন।
এদিকে, মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী উভয় দিকের যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ায় সাধারণ যাত্রীরা দুর্বিষহ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন।










