
চাঁদপুর-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন যুবদল নেতা মো. গাফফার হোসেন। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করেন গাফফার হোসেন। তবে সোমবার ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে গাফফার হোসেন বলেন, ‘প্রত্যেকটা সেন্টারে আমাদের বাহিনী থাকবে। প্রত্যেকটা এলাকায় আমাদের লোক থাকবে। আমরা জিয়াউর রহমানের আদর্শ। বুকে সৎ সাহস নিয়া বাঁশের লাঠি নিয়া দাঁড়াইয়া থাকব।’ তিনি জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমরা জান্নাতের টিকিট বিক্রি করছ, তোমাদের টিকিটে পানি ঢাইল্লা দিমু। আস ইনশাল্লাহ, কথা হবে ভবিষ্যতে। ইলেকশনে আস, আস কোন লেভেলের খেলা তোমরা খেলো আর আমরা কোন লেভেলের খেলা খেলতে পারি, তোমাদের দেখাবো। আর সহ্য করা হবে না। আমার বিলাই আমারে কয় ম্যাও।’
ভিডিওতে আরও তিনি বলেন, ‘আর সহ্য করা হবে না। সাবধান—তোমাদের আরও সাবধান করলাম। বাংলাদেশের আইন, নিয়ম আর জনগণের স্বার্থ বিবেচনা কইরা বাঁচতে অইব। তোমরা তোমাদের মতো দেশ চালাইবা—এত স্বপ্ন দেখ কেন?’
ভিডিওটির সত্যতা নিশ্চিত করে যুবদল নেতা মো. গাফফার হোসেন বলেন, তার ভিডিওর একটি খণ্ডিত অংশ প্রবাসী এক ইউটিউবারের আইডি থেকে প্রচার করা হয়েছে। এ কারণে বিভ্রান্তি সৃষ্টি হলে তিনি পরে সংশোধন করে আরেকটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, কয়েক দিন আগে জামায়াতে ইসলামীর এক নেতা তাকে হুমকি দেওয়ায় সতর্কবার্তা হিসেবে তিনি ওই ভিডিওটি ফেসবুকে দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, নেতা-কর্মীদের দলের আদর্শ বজায় রেখে কথা বলতে হবে। কাউকে হুমকি দেওয়া বা আঘাতমূলক বক্তব্য দেওয়া ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।










