
আমাকে দিয়ে আর যাই সম্ভব হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি কোনো দিনও সম্ভব না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “হয়তো অনেকে অন্য পার্টি করবে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দেবে; কিন্তু গোপনে সে আমাকে ভোট দেবে—ইনশাল্লাহ।”
জোট প্রার্থী বলেন, “সিএনজি যারা চালায়, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে—হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক ১০ টাকার জন্য কোনো দিন কারও কাছে আসবে না।”
তিনি আরও বলেন, “গত দেড় বছরে আমি কিংবা আমার লোক, অথবা ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য যায় নাই। কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাঁট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই।”
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা কলকারখানায় কাজ করে—তাদের নিয়েই রাজনীতি করতে চাই। যারা নেতা বানায়, এবার সেই রেমিটেন্স যোদ্ধা ও শ্রমজীবী মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে—ইনশাল্লাহ।”
এর আগে সকালে দেবিদ্বারের নিউমার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে ভিংলাবাড়ি, বিহারমন্ডল মোহনপুর, ছোটনা মোহনপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শাপলা প্রতীকে ভোট চান হাসনাত আব্দুল্লাহ।
এ সময় স্থানীয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










