মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

আমদানিতে শুল্ক বড় ছাড় এনবিআরের, দাম কমতে পারে মুঠোফোনের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - using Smartphone
প্রতীকি ছবি/পেক্সেল

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মুঠোফোনের দাম রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্কের হার প্রায় ৬০ শতাংশ কমে গেছে।

একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যেন এই সিদ্ধান্তের কারণে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এনবিআর আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এতে মোবাইল ফোন সংযোজনের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে এসব উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআরের এই দুই প্রজ্ঞাপনের ফলে বাজারে মোবাইল ফোনের দামে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে।

পাশাপাশি একই দামের দেশে সংযোজিত মোবাইল ফোনের ক্ষেত্রে দাম প্রায় ১ হাজার ৫০০ টাকা কমার সম্ভাবনা রয়েছে।

সরকারের প্রত্যাশা, মোবাইল ফোন ও মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে শুল্ক কমানোর এই উদ্যোগের ফলে সব শ্রেণির মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে।

এনবিআর জানিয়েছে, ভবিষ্যতেও জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মুঠোফোনের দাম রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন