
দুই সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এ মূল্য বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে সর্বশেষ গত সোমবারও সোনার দাম বাড়ানো হয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকায়। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
সেই হিসেবে, নতুন দামে ২২ ক্যারেটে ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি পেয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ভালো মানের (২২ ক্যারেট) রুপার দাম ভরিতে ৩৫০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ টাকা, যা আগের দিন ছিল ৫ হাজার ৫৪০ টাকা।
এদিকে, যুদ্ধবিরতির প্রভাবে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। বিশ্ববাজারের স্পট মার্কেটে বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৭৯৮ ডলার, যা আগের দিনের তুলনায় ১৩৮ ডলার বেশি।









