শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আপিলও খারিজ, ভাগ্য খুলল না কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Appeal dismissed, BNP candidate Gafur Bhuiyan's fate in Comilla-10 constituency not revealed
আপিলও খারিজ, ভাগ্য খুলল না কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে গেছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট)।

রোববার (০১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আবদুল গফুর ভূঁইয়ার দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দেন। এর ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের আর কোনো আইনগত সুযোগ রইল না।

আদালত ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উত্থাপন করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

এই অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি শুনানি শেষে আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

তবে গত ২২ জানুয়ারি শুনানি শেষে হাইকোর্ট তার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। পরবর্তীতে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন আবদুল গফুর ভূঁইয়া।

রোববার আপিল বিভাগেও সেই আবেদন খারিজ হওয়ায় কুমিল্লা-১০ আসনে তার নির্বাচনি পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেল।

আরও পড়ুন