শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

আজ শুধুই ভালোবাসার দিন

লাইফস্টাইল ডেস্ক

Rising Cumilla - FAMILY
পরিবার/প্রতীকি ছবি এআই/রাইজিং কুমিল্লা

“ভালোবাসাটা হচ্ছে একধরনের প্রতিজ্ঞা। ভালোবাসাবাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। ভালোবাসা দিয়ে মরুভূমিতে ফুল ফোটানো যায়। ভালোবাসা হচ্ছে জীবনের বন্ধু। ভালোবাসার কোন অর্থ বা পরিমাণ নেই।”

ভালোবাসা সত্যিই এমনই—রঙিন প্রজাপতির মতো উড়ে উড়ে জীবনের আকাশে ছন্দ তোলে। কিন্তু সেই প্রজাপতি উড়ে চলে গেলে হৃদয়ে নেমে আসে এক বিবর্ণ বিষণ্নতা।

আজ সেই ভালোবাসার দিন—১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে।

দিনটি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষক—বিভিন্ন সম্পর্কে আবদ্ধ মানুষরা এই দিনে একে অপরকে তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমানে সমগ্র বিশ্বে দিনটি ঘটা করে, আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়। পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষদের পদচারণায় মুখর হয়ে ওঠে। প্রিয়জনকে ফুল, শুভেচ্ছা কার্ড ও নানা উপহার দিয়ে ভালোবাসা প্রকাশের রীতি এখন এক অনন্য সাংস্কৃতিক অনুষঙ্গ।

একসময় বিশ্ব ভালোবাসা দিবস যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। কয়েক বছর আগ পর্যন্তও এটি বিশ্বব্যাপী এমন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হতো না। তবে সময়ের পরিক্রমায় এই দিবস দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়েছে। এখন বিশ্বের নানা প্রান্তে এটি আনন্দ-উচ্ছ্বাস আর ভালোবাসার আবহে উদযাপিত হয়।

হাজারো দ্বন্দ্ব-সংঘাতে ভরা এই পৃথিবী আজও টিকে আছে ভালোবাসার টানে। ফাগুনের হাওয়ায় ভেসে যায় ভালোবাসার নৌকা। প্রেমকাতর হৃদয়ের রক্তরাঙা গোলাপটি স্থান পায় প্রিয়ার হাতে। হিয়ার মাঝে বেজে ওঠে গান— “আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল…”

ভালোবাসা মানুষকে কাছাকাছি আনে, ঘৃণাকে দূরে সরায় এবং জীবনের প্রতি নতুন আশার আলো জ্বালায়।

রাইজিং কুমিল্লা’র পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। 

আরও পড়ুন