বুধবার ৮ এপ্রিল, ২০২৬

আজ দেশের ৩ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

রাইজিং ডেস্ক

girl holding umbrella in rain
—ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার (৩ মার্চ) দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রবণতা সোমবার পর্যন্ত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি দূর হয়ে তাপমাত্রা কমতে পারে।

জানা গেছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির প্রবণতা রয়েছে। বৃষ্টির প্রবণতা কাল পর্যন্ত কোন কোন জায়গায় থাকতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

সোমবারের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া পরবর্তী পাঁচ দিনে দিন এবং রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখ্য, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে। একদিন আগে যা চুয়াডাঙ্গা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন