
নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, আওয়ামী আমলের মতো পরীক্ষার ব্যবস্থা এ দেশে আর চলবে না।
শিক্ষামন্ত্রী বলেন, আগে এমন পরিস্থিতি ছিল যেখানে শিক্ষকদের হাতে দুটি কলম থাকত—একটি কালো, অন্যটি লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের খাতায় উত্তর লিখে দিতেন, এমনকি নকল সরবরাহও করতেন। কিন্তু এখন থেকে এসব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। আগামীর সব পরীক্ষা হবে নকলমুক্ত।
একই সাথে প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঠিক দায়িত্ব পালনই একটি সুশৃঙ্খল ও নৈতিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি এই মন্ত্রণালয়কে নিজের জন্য ‘এবাদতখানা’ হিসেবে উল্লেখ করেন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন শিক্ষার্থীকে সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে তা হবে তাদের জন্য ‘সদকায়ে জারিয়া’।
আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে তিনি নির্দেশনা দেন, প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। শুধু পরীক্ষার সময় নয়, বরং সার্বক্ষণিকভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রাখার কথাও তিনি জোর দিয়ে বলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
পরে শিক্ষামন্ত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।









