রবিবার ২৪ মে, ২০২৬

অভিনয়ের পর এবার গানে মুগ্ধতা ছড়াচ্ছেন নাজিফা তুষি

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Nazifa Tushi
নাজিফা তুষি/ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা আনজুম তুষি এখন আর শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নন। ধীরে ধীরে একজন গায়িকা হিসেবেও দর্শকদের নজর কাড়ছেন তিনি। সম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের একটি কনসার্টে গান গেয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

বিশেষ করে তার কণ্ঠে পরিবেশিত ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, ‘রইদ’ সিনেমায় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তুষি নিজেই।

গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তুষি বলেন, তিনি মূলত অভিনয়ের মানুষ হলেও গান সবসময়ই তার ভেতরের ভালোবাসার একটি জায়গা ছিল। ‘রইদ’ টিম যখন তাকে গানটি গাওয়ার প্রস্তাব দেয়, তখন কিছুটা ভয় কাজ করছিল— দর্শক তাকে গায়িকা হিসেবে কীভাবে গ্রহণ করবে তা নিয়ে। তবে গানটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা তার জন্য সত্যিই অভাবনীয়।

তিনি আরও জানান, রবীন্দ্র সরোবরে ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি পরিবেশনের সময় দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া তাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। তার ভাষায়, গানটি মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছে বলেই মনে হয়েছে।

‘পাগলীর প্রেম জ্বালা’ গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী। এরই মধ্যে ‘রইদ’ সিনেমার আরও তিনটি গান প্রকাশ পেয়েছে। ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। এছাড়া পশ্চিমবঙ্গের প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউল এর গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটিও নতুন সংগীতায়োজনে প্রকাশ পেয়েছে। সর্বশেষ ১৫ মে মুক্তি পেয়েছে ‘রহে না’ গানটি, যা গেয়েছে মেঘদল।

‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা আনজুম তুষি ও গাজী রাকায়েত। সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার গল্প। এর মধ্য দিয়ে আদম-হাওয়ার আদিম আখ্যানকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ, রফিকুল ইসলাম পল্টু এবং সুকর্ণ শাহেদ ধীমান।

আরও পড়ুন