
নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসের ভেতরে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রেস্ট হাউসের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির মালিক উপজেলার কাজিরখিল চৌকিদার বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন। বুধবার রাতে চালক মমিন হোসেন বাসটি ঘটনাস্থলে পার্ক করে চলে যান। এ সময় বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন হেলপার হেলাল।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান তিনি। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
বাসের মালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনের তাপে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।
দোকান মালিক ইউছুফ আলী বাবু বলেন, বাসটি ওই স্থানে রাখতে নিষেধ করা হয়েছিল। কিন্তু চালক নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে বাসটি পার্ক করেন। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি সিটের ওপর কয়েল পাওয়া গেছে। প্রাথমিকভাবে কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC