
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) চিকিৎসাসেবা নিতে এসে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। ইসিজি ও ইকো পরীক্ষায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সরকারি রাজস্বের হিসাব গোপন, ওষুধের মজুতে ঘাটতি এবং কেনাকাটায় অস্বাভাবিক মূল্য দেখানোর মতো একাধিক অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে হাসপাতালটিতে অভিযান চালিয়ে এসব অনিয়মের চিত্র তুলে আনে দুদক কুমিল্লার একটি এনফোর্সমেন্ট দল।
দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা অংশ নেন।
দুদক সূত্রে জানা যায়, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রেজিস্টার, নথিপত্র এবং আর্থিক লেনদেনের তথ্য যাচাই করা হয়।
অভিযানে সবচেয়ে গুরুতর অনিয়মের চিত্র পাওয়া যায় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইসিজি কার্যক্রমে। সেখানে দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিটি ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নিলেও নিয়মিত সরকারি রশিদ দিতেন না বলে দুদকের পর্যবেক্ষণে উঠে এসেছে। টাকা আদায়ের হিসাব রাখা হতো সাদা কাগজে টোকেনের মাধ্যমে। দিন শেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ জন রোগীর নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হতো।
দুদকের তথ্যমতে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে আসেন। অথচ সরকারি রেজিস্টারে নাম পাওয়া যায় মাত্র ৪০ থেকে ৪৫ জনের। ফলে বাকি রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের কোনো হিসাব সরকারি নথিতে পাওয়া যায়নি। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রশিদ বই উদ্ধার করা হয়। পাশাপাশি ইসিজি প্রতিবেদন ও রেজিস্টারের তথ্য মিলিয়ে ব্যাপক অসংগতি শনাক্ত করা হয়।
ইকো কার্ডিও পরীক্ষার ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ আদায়ের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা হলেও রোগীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানে দেখা যায়, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ প্রদানকারী রোগীদের দ্রুত পরীক্ষা করানো হচ্ছে। অন্যদিকে সাধারণ রোগীদের ইকো পরীক্ষার জন্য দুই থেকে চার দিন পরের তারিখ দেওয়া হচ্ছে।
হাসপাতালের ওষুধ বিতরণ কার্যক্রমেও মিলেছে মজুতের গরমিল। বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, মন্টিলুকাস্ট ওষুধের মজুত ২৬ হাজার ৬০০ পাতা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ হিসাবের তুলনায় এক হাজার পাতা কম রয়েছে।
কেন্দ্রীয় ওষুধ স্টোরের হিসাবেও বড় ধরনের অসংগতি ধরা পড়ে। স্টোরকিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে একটি ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার তথ্য পাওয়া যায়। তবে গণনা শেষে এসকেএফ ব্র্যান্ডের ১৪ হাজার ৩১৮টি এবং বিকন ব্র্যান্ডের ৩ হাজার ২৯১টিসহ মোট ১৭ হাজার ৬০৯টি ওষুধ পাওয়া যায়। সে হিসাবে ৬ হাজার ৬৫৬টি ওষুধের ঘাটতি রয়েছে। এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট স্টোরকিপার।
এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের ক্ষেত্রে রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া গেছে ১৯ হাজার ১০০টি। অর্থাৎ এক হাজার একটি ইনজেকশনের ঘাটতি শনাক্ত হয়েছে। স্টোরে থাকা বিভিন্ন ওষুধ ও ইনজেকশনের প্যাকেটে সরকারি সম্পত্তির সিল বা চিহ্ন না থাকায় এসব ওষুধ বাইরে বিক্রি করা হয়েছে কি না, সে সন্দেহও তৈরি হয়েছে দুদকের।
শুধু চিকিৎসাসামগ্রী ও ওষুধ নয়, হাসপাতালের পরিচ্ছন্নতা সামগ্রী কেনাকাটায়ও অস্বাভাবিক মূল্য দেখানোর তথ্য পেয়েছে সংস্থাটি। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা পণ্যের চালান যাচাই করে বাজারদরের তুলনায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দাম দেখানোর প্রমাণ পাওয়া যায়।
চালান অনুযায়ী, বাজারে ৬০ টাকা দামের সাবান কেনা হয়েছে ৮৯ টাকায়। ১৪০ টাকার ৫০০ মিলিলিটারের টয়লেট ক্লিনারের দাম দেখানো হয়েছে ২৪৯ টাকা। ২০০ টাকার ফিনাইল কেনা হয়েছে ৩৯৯ টাকায়। এ ছাড়া ২৫ টাকার টয়লেট টিস্যুর দাম ৬৯ টাকা এবং ১০০ টাকার হ্যান্ডওয়াশ কেনা হয়েছে ১৯০ টাকায়। ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা ও পানির জগ কেনাকাটাতেও অস্বাভাবিক মূল্য দেখানোর তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেন জানান, হাসপাতালের বিভিন্ন অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। এসব নথি সরবরাহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সময় চেয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC