
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২)। চালক জামাল হোসেনের বাড়ি বরিশাল জেলায়। দুর্ঘটনায় আহত আব্দুল মমিনের আরেক ছেলে আবরার (১২) বর্তমানে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক নিহত হন এবং আহত যাত্রীদের হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





