
রাইজিং কুমিল্লা ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দিতে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রায় ৬০ হাজার কর্মী এই কর্মসূচির আওতায় আসতে পারেন, যা তাদের মোট বৈশ্বিক কর্মীবাহিনীর উল্লেখযোগ্য অংশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) মাইক্রোসফট এ স্বেচ্ছামূলক কর্মসূচির ঘোষণা দেয়। এর আওতায় উইন্ডোজ, কপাইলট, এআই এক্সপেরিয়েন্স, অর্থ বিভাগ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ ও ডিভাইসেস বিভাগের নির্দিষ্ট পর্যায়ের কর্মীরা সুযোগ পেতে পারেন। তবে বিপণন, বাণিজ্যিক ব্যবসা ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এ কর্মসূচির বাইরে থাকবেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক বার্তায় বলেন, যেসব কর্মী প্রতিষ্ঠানটির বাইরে নতুন কিছু করার কথা ভাবছেন, তাঁদের জন্য এ প্রস্তাব কর্মজীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীসংখ্যা সমন্বয়ের সুযোগ পাবে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ।
বিশ্বের অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো মাইক্রোসফটও এআই অবকাঠামো, ডেটা সেন্টার ও চিপ খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। তবে এ বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। চলতি ২০২৬ সালের জন্য প্রতিষ্ঠানটি মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস দিয়েছে।
মাইক্রোসফটের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার। সে হিসাবে প্রায় ৬০ হাজার কর্মীকে এ কর্মসূচির আওতায় আনা হলে তা প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর একটি বড় অংশ হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট বিভাগে কর্মরত ৭০ বা তার নিচের স্তরের যোগ্য কর্মীরা এ সুযোগ পাবেন। নির্দিষ্ট সময়ের জন্য চালু করা এ কর্মসূচিতে অংশগ্রহণ স্বেচ্ছামূলক। যোগ্য কর্মীদের এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে চলতি বছর যুক্তরাষ্ট্রে নিজেদের কর্মীদের প্রায় ৭ শতাংশের জন্য, অর্থাৎ আনুমানিক ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট। এ ছাড়া গত জুলাইয়ে এক্সবক্স গেমিং ব্যবসার পুনর্গঠনের অংশ হিসেবে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
একই সময়ে সর্বোচ্চ পাঁচটি গেম স্টুডিও বিক্রি করে দেওয়া অথবা ব্যবসা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছিল। নতুন এ কর্মসূচি প্রযুক্তি খাতে এআইকেন্দ্রিক বিনিয়োগ বৃদ্ধি এবং প্রতিষ্ঠানগুলোর ব্যয় ও কর্মীসংখ্যা পুনর্বিন্যাসের প্রবণতাকে আবারও সামনে নিয়ে এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC