রবিবার ২২ মার্চ, ২০২৬

৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেই ব্যবস্থা

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

Rising Cumilla - BNP will not field candidates in 4 seats, action will be taken only if someone runs as an independent candidate
৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেই ব্যবস্থা / ছবি: সংগৃহীত

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি নির্বাচিত সরকার দেশকে কল্যাণের পথে এগিয়ে নেবে—এটাই জনগণের প্রত্যাশা। তবে নির্বাচন কার্যক্রম ব্যাহত করতে একটি চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের প্রতি যে আস্থা ছিল, বিএনপি বিশ্বাস করে তারা সেটি বজায় রাখবে। একই সঙ্গে তিনি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি জানান, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জমিয়াতুল ওলামায়ে ইসলামকে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে চারটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়েছে। আসনগুলো হলো— নীলফামারি-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত দিনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়াতুল ওলামায়ে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দলটি আন্দোলনের শীর্ষ সারিতে ছিল। সেই ধারাবাহিকতায় নির্বাচনে আসন সমঝোতা হয়েছে। তিনি জানান, জমিয়াতুল ওলামায়ে ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন সংসদে পাস করা হবে না। কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।

আরও পড়ুন