
কুবি প্রতিনিধি
গতকাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত টানা ২০ ঘন্টা বিদ্যুৎহীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম,প্রশাসনিক কার্যক্রমে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, অ্যাকাডেমিক কার্যক্রমের অংশ অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরি করতে পারছেন না তারা। অনেকে মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও নিতে পারেননি। ফলে বেশ কিছু বিভাগে মিডটার্ম-সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। যা আজ সকাল ৯ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া নৃবিজ্ঞান বিভাগের এমএসএস ২০২৩-২৪ এর সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়।
আবাসিক শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ৫ টি হলের একটিতেও পানি নেই। দুপুরের খাবার খেতে পারছেন না অনেক শিক্ষার্থী। ক্যাম্পাসের আশপাশের হোটেলেও খাবার পাওয়া যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার দফতর জানায়, বিদ্যুৎ কখন আসবে তা এখনো বলা যাচ্ছে না। তবে যদি বিদুৎ আসতে বিলম্ব হয় তাহলে পানির সংকট দেখা দিতে পারে।
প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী ম. মিজানুর রহমান বলেন, "আমরা গতকাল রাত ১১ টায় পিডিবির কাছে গিয়েছিলাম। শালবনের এখানে গাছ ভেঙেছে, বিদ্যুতের খুঁটি ও কিছু মেশিনারিজ ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। তারা কাজ করছে।"
পিডিবির উপ-সহকারী প্রকৌশলী পিন্টু দেবনাথ বলেন, "শালবনের এখানে গাছসহ আমাদের কয়েকটি খুটি ভেঙে গেছে। কাজ চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে সন্ধ্যার আগে বিদ্যুৎ সরবরাহ করা যায়।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC