
নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের হজ পালনে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন মুসল্লি সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তিতে এ কোটা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের বিশেষ অনুরোধে সৌদি সরকার অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত হজযাত্রীর কোটা বাড়ানোর বিশেষ অনুরোধ জানানো হলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার জনের কোটা অনুমোদন করেন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
দ্বিপক্ষীয় বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি, কোটা বৃদ্ধি এবং হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে সৌদি কর্তৃপক্ষ আরও জানায়, অন্য কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজ কোটা পূরণ করতে না পারলে অথবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের প্রতি আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
হজযাত্রীদের কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করেন। নতুন চুক্তিতে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা যুক্ত হওয়ায় ২০২৭ সালে বাংলাদেশ থেকে আরও বেশি মুসল্লির হজ পালনের সুযোগ তৈরি হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC