
রাইজিং কুমিল্লা ডেস্ক

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে নগরমুখী মানুষের সংখ্যা। উন্নত যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, আধুনিক অবকাঠামো এবং উন্নত জীবনযাত্রার সুযোগ-সুবিধার কারণে শহরকেন্দ্রিক জীবন এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সাময়িকী মনোকল।
এবারের জরিপে বিশ্বের ৭৫টি শহরের জীবনমান মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে শীর্ষ ২০টি শহরের তালিকায় স্থান পেয়েছে ইউরোপের ১৩টি শহর। ইউরোপের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পর্তুগালের লিসবন এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা রয়েছে তৃতীয় স্থানে, যা বৈশ্বিক তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।
মনোকলের এই মূল্যায়নে শুধু অর্থনীতি, করহার কিংবা জীবনযাত্রার ব্যয় নয়; বরং নিরাপত্তা, গণপরিবহন ও যোগাযোগব্যবস্থা, সবুজ পরিবেশ, কেনাকাটার সুযোগ, জনসেবা এবং সামগ্রিক জীবনমানকে গুরুত্ব দেওয়া হয়েছে।
জরিপে বলা হয়েছে, উন্নত সাইকেলপথ, প্রাণবন্ত রেস্তোরাঁ সংস্কৃতি এবং শহরের কেন্দ্রজুড়ে বৈচিত্র্যময় কেনাকাটার সুযোগের কারণে কোপেনহেগেন বিশেষ প্রশংসা পেয়েছে। ২০২৫ সালের স্থানীয় নির্বাচনের পর নতুন সিটি কাউন্সিল আবাসন সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং শহরের কেন্দ্র থেকে ব্যক্তিগত গাড়ির ব্যবহার হ্রাসে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর আগে ২০২১ ও ২০২২ সালেও বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের স্বীকৃতি পেয়েছিল কোপেনহেগেন।
দ্বিতীয় অবস্থানে থাকা লিসবন বছরের অধিকাংশ সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সমৃদ্ধ খাবার সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপত্য, নিরাপদ পরিবেশ এবং স্বাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রশংসিত হয়েছে। একই সঙ্গে আটলান্টিক ও আফ্রিকাগামী ভ্রমণকারীদের জন্য শহরটির বিমানবন্দর গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে বিবেচিত হয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্রুত বাড়তে থাকা আবাসনমূল্যের কারণে স্থানীয় বাসিন্দা ও বিদেশিদের জীবনযাত্রার ব্যয়ের ব্যবধানও বাড়ছে।
অন্যদিকে তৃতীয় স্থানে থাকা ভিয়েনা আন্তর্জাতিক আয়োজন, আঙুরক্ষেত, আধুনিক সুইমিং পুল এবং সামাজিক আবাসন কর্মসূচির জন্য প্রশংসা পেয়েছে। ২০২৫ সালে শহরটিতে নতুন পাঁচটি আবাসন প্রকল্প নির্মাণ এবং ১১টি পুরোনো আবাসন কমপ্লেক্স সংস্কার করা হয়েছে। যদিও ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের শীর্ষস্থান দখল করেছিল ভিয়েনা, এবার তাদের অবস্থান কিছুটা পিছিয়েছে।
এ ছাড়া হেলসিঙ্কি, আমস্টারডাম ও বার্সেলোনার মতো ইউরোপের আরও কয়েকটি শহর শীর্ষ ২০-এ জায়গা পেলেও তারা তালিকার নিচের দিকে অবস্থান করেছে।
সূত্র: ইউরোনিউজ
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC