
লাইফস্টাইল ডেস্ক
ফ্যাশন দুনিয়ায় নতুন এক ট্রেন্ড হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে স্যাটিন স্নিকার্স। লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে হাই-স্ট্রিট ফ্যাশন—সব স্তরেই জায়গা করে নিচ্ছে এই জুতা। ফ্যাশন বিশ্লেষকদের ধারণা, ব্যালে ফ্ল্যাটের জনপ্রিয়তার পর এটিই হতে পারে ফ্যাশনের পরবর্তী বড় ট্রেন্ড।
দীর্ঘদিন ধরেই ফ্যাশনে আরামকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, আর স্যাটিন স্নিকার্স সেই পরিবর্তনেরই বড় উদাহরণ। একদিকে ব্যালে ফ্ল্যাটের নরম, রোমান্টিক ও কোমল আবেদন, অন্যদিকে স্নিকার্সের আরাম—এই দুই বিপরীত ধারাকে এক সুতোয় বেঁধেছে স্যাটিন স্নিকার্স। রাবারের সোলের ওপর স্যাটিন কাপড় দিয়ে তৈরি এই জুতা শহুরে জীবনের জন্য হয়ে উঠছে নতুন স্টাইল স্টেটমেন্ট।
আন্তর্জাতিক রানওয়েতে স্যাটিন স্নিকার্স
সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েতেও চোখে পড়েছে এই ট্রেন্ড। ডিজাইনার সিমন রোচা তার অটাম–উইনটার ২০২৫–২৬ কালেকশন-এ ব্যালে-অনুপ্রাণিত নকশায় স্যাটিন স্নিকার্স উপস্থাপন করেন। জুতোগুলো দেখলে মনে হয়, যেন নাচের মঞ্চ থেকে নেমে এসেছে ব্যস্ত শহরের রাস্তায়।
ফ্যাশন বিশ্লেষকদের মতে, Miuccia Prada-র নরম ও সূক্ষ্ম ডিজাইন দর্শনও এই ট্রেন্ড জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা রেখেছে। তার ডিজাইনে স্নিকার্স কেবল স্পোর্টসওয়্যার নয়; বরং তা হয়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ স্টাইল স্টেটমেন্ট।
‘স্নিকারিনা’ ট্রেন্ডের উত্থান
ফ্যাশন দুনিয়ায় এই ধারাকে অনেকেই বলছেন ‘স্নিকারিনা’—স্নিকার্স ও ব্যালে জুতোর মিশ্রণ। ব্যালে কোর ট্রেন্ডের ধারাবাহিকতায় এটি যেন আরও এক ধাপ এগিয়ে যাওয়া। যারা ব্যালে ফ্ল্যাট ভালোবাসেন, কিন্তু দীর্ঘ সময় হাঁটতে গিয়ে আরামের অভাব বোধ করেন—তাদের জন্য এটি একটি আদর্শ সমাধান।
কেন জনপ্রিয় হচ্ছে স্যাটিন স্নিকার্স
ব্যালে ফ্ল্যাট যেমন একসময় ফ্যাশনপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছিল, তেমনি ধীরে ধীরে স্যাটিন স্নিকার্সও জনপ্রিয়তা পাচ্ছে। ফ্যাশন বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালজুড়ে ফ্যাশনপ্রেমীদের কাছে ‘স্যাটিন স্নিকার্স’ থাকবে অন্যতম জনপ্রিয় ট্রেন্ড।
তথ্যসূত্র: ভোগ ইন্ডিয়া
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC