
রাইজিং কুমিল্লা ডেস্ক
প্রথম সন্তানের জন্মের ১৭ বছর পর আবারও মা হতে চলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা মাহিরাকে এক হাতে পেট ধরে থাকতে দেখা যায়। ছবিটির সঙ্গে সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, ‘আমরা পরিকল্পনা করি, এরপর আসে আল্লাহর পরিকল্পনা।’
মাহিরার এই ঘোষণার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে ২০২৩ সালের অক্টোবরে বিয়ের পর এই দম্পতির সংসারে প্রথম সন্তান আসতে চলেছে। তবে মাহিরার জন্য এটি দ্বিতীয়বার মাতৃত্বের অভিজ্ঞতা। প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে তাঁর ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে।
মাহিরার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানেও ছেলে আজলানকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। বিয়ের মঞ্চে মায়ের হাত ধরে তাঁকে নিয়ে যান আজলান। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নেন মাহিরা খান। উৎসবের কমিউনিটি ইমপ্যাক্ট কার্যক্রমের একটি আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন তিনি। সিনেমায় অবদানের জন্য সেখান থেকে সম্মাননাও পেয়েছেন এই অভিনেত্রী।
টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন মাহিরা। ‘হামসফর’ নাটকে অভিনয় করে পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর ‘শেহর-ই-জাত’, ‘সাদকায়ে তুমহারে’সহ একাধিক আলোচিত নাটকে অভিনয় করেন।
২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। পরবর্তীতে পাকিস্তানি চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বিন রয়’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC