
শীতকালীন অবকাশ শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামী রোববার (১১ জানুয়ারি) খুলছে। ওই দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
আজ বুধবার (০৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন আর রশিদ।
তিনি জানান, ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ১৭ দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। এ সময়ের মধ্যে ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট ১২ দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। ৭ জানুয়ারি থেকে অফিস কার্যক্রম এবং ১১ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা পুনরায় চালু হবে।
এদিকে ছুটি শেষে শিক্ষার্থীরা ইতোমধ্যে মেস ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছেন।
এর আগে ছুটিকালীন সময়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত করে। প্রক্টর অফিসের জারি করা নোটিশ অনুযায়ী বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ছিল।









