বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

১২ ফেব্রুয়ারিতেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ—ফেনীতে বিএনপি প্রার্থী মিন্টু

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - The future of the country will be decided on February 12 - BNP candidate in Feni Mintu
১২ ফেব্রুয়ারিতেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ—ফেনীতে বিএনপি প্রার্থী মিন্টু

ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশের গতিপথ। দেশ বর্তমানে গভীর সংকটের মধ্যে রয়েছে। এ সংকট থেকে উত্তরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের কোনো বিকল্প নেই।

আজ রবিবার (০১ ফেব্রুয়ারি) সকালে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, “একমাত্র বিএনপিই পারে দেশকে এই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে। তারেক রহমানই এ মুহূর্তে দেশ পরিচালনার জন্য সবচেয়ে দক্ষ ও যোগ্য নেতা।” তিনি আরও বলেন, বিএনপিই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করার প্রবক্তা।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভোট দিলেই হবে না, ভোট গণনা শেষে কেন্দ্র থেকে প্রমাণপত্র নিয়ে ফিরতে হবে। এর মাধ্যমেই জনগণের ১৬ বছর ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আক্ষেপ ঘুচবে।”

গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়ন করতে হলে এ মুহূর্তে বিএনপির বিকল্প নেই।”

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই এলাকার সব সমস্যার বিষয়ে আমি অবগত। আমার কাছে সবাই সমান সুযোগ-সুবিধা পাবে।” ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী হলে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

পথসভায় ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বশির আলম সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— উপজেলা মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট শাহনা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা এবং বগাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ।

এছাড়া দিনব্যাপী তিনি কাজিরহাট, বড় ঈদগাহ, আড়কাইম, বকুলতলা, গুনক ঈদগাহ, বসাক গ্রাম, উকিলবাড়ির দরজা, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূঁঞাবাড়ির দরজা, বক্তারমুন্সি বাজার, লকুর দোকান ও মঙ্গলকান্দি দীঘিরপাড় বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন।

আরও পড়ুন