
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসির নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম ২৯ টাকা ৭৬ পয়সা কমিয়ে ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে ১৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি কেজির দাম ছিল ১৫৭ টাকা ৬ পয়সা।
বিইআরসি জানিয়েছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার থাকলেও নতুন কেজিপ্রতি মূল্য অনুযায়ী সব সিলিন্ডারের দাম নির্ধারণ করা হবে।
অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন করে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম কমায় দেশের বাজারেও এ সমন্বয় করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম নিম্নমুখী হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো ঘোষিত সৌদি কার্গো মূল্য (সিপি) এবং আমদানিকারকদের গড় আমদানি মূল্য বিবেচনায় নিয়ে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।
তবে ভোক্তাদের অভিযোগ, বিইআরসি নির্ধারিত দামের তুলনায় অনেক ক্ষেত্রে খুচরা পর্যায়ে এলপিজি সিলিন্ডার বেশি দামে বিক্রি করা হয়।










