
এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি বড় পরিবর্তন প্রত্যাশা করছে। তিনি বলেন, আগামী ১২ তারিখের পর যে পরিবর্তন আসবে, তা দেশের যুব সমাজের আকাঙ্ক্ষা, মায়েদের নিরাপত্তার দাবি এবং দেশের সম্মান রক্ষার প্রত্যাশার ওপর ভিত্তি করেই আসবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কিংবা দুর্নীতিগ্রস্ত সরকার মেনে নেওয়া হবে না। দেশবাসী একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় এবং সেই লক্ষ্য নিয়েই এগারো দলীয় জোট এগিয়ে যাচ্ছে।
জামায়াত আমির বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মূল উৎপাটন করতে হবে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, যারা দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা যদি এসব অপকর্ম ছেড়ে সৎপথে ফিরে আসে, তাহলে তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটসহ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।










