শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি: জামায়াত আমির

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Shafiqur Rahman
ডা. শফিকুর রহমান/ছবি: জামায়াতের সৌজন্যে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হ্যাক হওয়া একটি পোস্টের কারণে যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করা হয়। ওই হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে মায়েদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, “এই ঘটনার পর একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে অযথা হৈচৈ শুরু করে এবং মিছিল করেছে। যারা প্রকৃত অর্থে মায়েদের সম্মান করে না, তারাই এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।”

নারীদের প্রতি অবমাননাকারীদের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, যারা নারীদের অপমান করে, তারা মানুষ হিসেবে আচরণ করছে না। ‘মা’ সম্বোধন করে তিনি আরও বলেন, “যারা নারীদের অসম্মান করছে, তারাও কোনো না কোনো মায়ের সন্তান। তাদের প্রতি আমার অনুরোধ—নিজেদের মা, স্ত্রী ও বোনদের সম্মান করতে শিখুন।”

জামায়াত আমির বলেন, নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা মানুষ নয়। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।

আরও পড়ুন