
রাইজিং কুমিল্লা ডেস্ক

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও সংক্রমণে ১০ শিশু মারা গেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭৬২টি শিশু। এছাড়া এই সময়ে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মৃতদের মধ্যে চারজন শিশু ঢাকার, যারা সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে। অপর ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, যাদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
সংক্রমণের দিক থেকে ঢাকা বিভাগেই পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এই বিভাগে সর্বোচ্চ ১২৩ জনের হাম শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ২১ জন। আর সবচেয়ে কম শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে—প্রতিটি বিভাগে মাত্র ১ জন করে রোগী পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৫৮০ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৬২ জন শিশুর মধ্যে ৩৫৭ জনই ঢাকা বিভাগের।
অন্যদিকে, সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২২ জন।
এই সময়ের মধ্যে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৩৪ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২০ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ২৮টি শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫১টি শিশু।
এছাড়া গত ২৯ দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১৫ হাজার ৬৫৩ জন শিশু। তাদের মধ্যে ১০ হাজার ২২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২ হাজার ৬৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এই সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন শিশু।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC