
নোয়াখালী প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ তিন দিন ধরে বন্ধ আছে। এতে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন।
রোববার (৫ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মূলত গত তিন দিন ধরে উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকায় হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। এর বাহিরে নির্দেশনা অমান্য করে ২-১টি চললে সেটি তাদের বিষয়।
স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগের মধ্যে অপেক্ষা করছেন। তবে নদী অত্যন্ত উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল আরও বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ আছে। এ কারণে হাতিয়ার সঙ্গে ঢাকার এবং হাতিয়ার সঙ্গে অভ্যন্তরীণ নৌযোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর নৌযোগাযোগ স্বাভাবিক হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC