
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়ার পর এক নারী (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১১ মার্চ) রাতে এ ঘটনায় তিনজনকে আসামি করে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টংঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী। তিনি বর্তমানে নতুন করে বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। এর আগে তার তিনটি বিয়ে হয়েছিল। এ সময় তার পরিচিত এক ব্যক্তিকে পাত্র খুঁজে দেওয়ার কথা জানান তিনি। পরে ওই ব্যক্তি একটি মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন।
যোগাযোগের পর ওই ব্যক্তি বিয়ের কথা বলে বাইরে দেখা করার প্রস্তাব দেয় এবং তাকে খালার বাসায় নিয়ে যাওয়ার কথা জানায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে ওই নারীকে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টংঘরে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুজনসহ তিনজন মিলে তাকে আটকে রেখে গণধর্ষণ করে। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছেন। তবে বাকি দুইজনের পরিচয় তিনি জানাতে পারেননি।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে একজনের নাম-ঠিকানা জানা গেছে। অন্য দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC