
চাঁদপুরের হাজীগঞ্জে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এসআই নূরমোহাম্মদের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন, এএসআই মো. মনির হোসেন মুন্না এবং সঙ্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিস অফিস থেকে মো. ইমতিয়াজ হোসেন (২২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ডিএইচএল লেখা বাদামী রঙের একটি পার্সেল বক্স জব্দ করা হয়।
পরে পার্সেল বক্সটি খুলে দেখা যায়, ফয়েল পেপারে মোড়ানো ৫টি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা রাখা রয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
গ্রেফতারকৃত ইমতিয়াজ হোসেন কুমিল্লা জেলার বরুড়া থানার অর্জুনতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









